দেশের স্বাস্থ্যখাতের অবস্থা বেহাল বলে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, হাসপাতালে কোনো আধুনিক সরঞ্জামাদি নেই। পরীক্ষা করাতে নেই সামগ্রী, রোগ ডায়াগনোসিসের ব্যবস্থাও নেই। তেমন কোনো আইসিইউও নেই।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, দেশের ১৭ কোটি মানুষের জন্য ভেন্টিলেটর আছে মাত্র ১৭০০। হাসপাতালে চিকিৎসক নেই, নার্স নেই। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে মানুষ। লাশ পড়ে থাকছে পথে ঘাটে। হাসপাতালে ঘুরতে ঘুরতে চিকিৎসা না পেয়ে ঢাবি শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ মারা গেছে।
দেশজুড়ে ভয়াবহ খাদ্য সংকট শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তসহ দরিদ্র মানুষ সর্বগ্রাসী ক্ষুধার মধ্যে শত শত বস্তা রিলিফের খাদ্যসামগ্রী পাওয়া যাচ্ছে সরকারি দলের নেতাদের বাসায়। সরকার কোনভাবেই এই অবস্থার মোকাবেলা করতে পারছে না বলেও উল্লেখ করেন রিজভী।
পেপার’স লাইফ/খবর

