দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৯১১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৪৫ জন। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৭০৪ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭০৯ জন। দেশের ৫২ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
সেইসাথে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৫২৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ ১১ হাজার ১২০ জন।
আজ মঙ্গলবার (২ জুন) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, প্রাণঘাতী নভেল করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৬৩ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। এ সময়ে মারা গেছে পৌনে চার লাখ মানুষ। আর সুস্থ হয়েছে প্রায় পৌনে ২৯ লাখ করোনা রোগী।

