গাজীপুরের কোয়ারেন্টাইনে থেকে ঢাকার উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো ৮ জনের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে নিয়ে দেশে বর্তমান এই সংখ্যা ১১ জন হলো।
আজ বুধবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম ও গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান ইতালিফেরত একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুরের ডিসি বলেন, গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা সবাই ইতালিফেরত ছিলেন। গত রবি ও সোমবার দুই দফায় আটজনকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
এস এম তরিকুল ইসলাম আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের জন্য জেলার নাগরিকদের প্রতি আহ্বান জানান।
এর আগে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গতকাল মঙ্গলবার জানায়, দেশে মোট ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, গাজীপুরে বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪০ জন। গাজীপুরের পুবাইলের মেঘডুবি ২০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন মেডিকেল অফিসার, দুজন সাব-অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

