বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এছাড়া গত ২৪ ঘণ্টায় আর ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৮ জনে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান তিনি।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬২৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯৬৫টি।গতকালের তুলনায় আজ ৩ জনের নমুনা কম পরীক্ষা করা হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন। এছাড়া নতুন করে মারা গেছেন আরও ৫ জন। এদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ২ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশের ৬৩টি জেলায় করোনা রোগীর সন্ধান মিলেছে। শুধু রাঙামাটি জেলাতে এখন পর্যন্ত করোনা রোগীর সন্ধান মেলেনি।

