করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
বুধবার (১৮ মার্চ) বিকেলে এ কথা জানান তিনি।
এছাড়াও নতুন করে আরো চারজন কভিড-১৯ এ আক্রান্ত রোগী পাওয়া গেছে। সবমিলিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।
করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সত্তুরোর্ধ্ব জানিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘মারা যাওয়া ওই বৃদ্ধ ব্যক্তি নানান রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন।’
তিনি জানান, আনুষ্ঠানিক কোয়ারাইন্টাইনে এখন রয়েছেন ৪২ জন।
আগামী সপ্তাহ থেকে আইইডিসিআরের তত্ত্বাবধানে দেশের আরো কয়েক জায়গায় করোনাভাইরাসের পরীক্ষা করা হবে বলে জানান তিনি। এছাড়াও সংস্থাটির সেবা সহজ করতে খুব শিগগিরই একটি অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে গতকাল মঙ্গলবার নতুন করে দুজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের কথা জানায় আইইডিসিআর। যা নিয়ে সবমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১০ জন।
বৈশ্বিক মহামারিতে রূপ নেয়া নভেল করোনাভাইরাস বাংলাদেশে শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। সেদিন তিনজন আক্রান্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর। পরে গতকাল পর্যন্ত মোট ১০ জনের করোনাআক্রান্তের খবর জানা যায়। এদের মধ্যে প্রথম শনাক্ত তিনজন সুস্থ হয়ে উঠেছেন, যাদের দুজন বাড়ি ফিরে গেছেন।

