দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১,৬১৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৭৩৮ জনে। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২০৭ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ১৬ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮৬ জন।
এছাড়াও নতুন করে সুস্থ হয়েছে আরও ২১৪ জন। মোট সুস্থ হয়েছেন ৫২০৭ জন। দেশের ৪২ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
আজ বুধবার (২০ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, মারণঘাতী কোভিড-১৯ মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরইমধ্যে বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৮ হাজার ৯৩৩ জনে।
এই ভাইরাসে প্রাণহানি ঘটছে ৩ লাখ ২৪ হাজার ৯১০ জনের। বুধবার (২০) সকাল সাড়ে ১০টা পর্যন্ত পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে প্রকাশিত সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

