বছরের প্রথম বর্ষার বৃষ্টি। শুক্রবার প্রায় সারাদেশেই বৃষ্টি হয়েছে। শনিবার সকালেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন সারাদেশে এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে এ খবর জানানো হয়। আবহাওয়া অধিদফতর বলছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থিত করছে।
এটি বর্তমানে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। আর দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বিস্তার লাভ করেছে। এর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
শনিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বিষয়ে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

