দেহরক্ষীকে বিয়ে করলেন থাই রাজা


paperslife

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ন ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীর উপপ্রধানকে বিয়ে করে তাকে রানির মর্যাদা দিয়েছেন।

গতকাল বুধবার তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাহিনীর উপপ্রধান সুথিদাকে বিয়ে করেন।

এ বিষয়ে থাই রাজপরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রাজা মহা ভাজিরালংকর্ন রানি সুথিদা ভাজিরালংকর্ন আয়ুধ্যাকে রাজপরিবারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে সুথিদা রাজপরিবারের সদস্য হিসেবে সব ধরনের মর্যাদা ভোগ করবেন।

ভাজিরালংকর্ন ২০১৪ সালে সুথিদা তিদজাইকে তার ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীতে নিয়োগ দেন। এর আগে তিদজাই থাই এয়ারওয়েজের ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন।
রাজপরিবারের কিছু পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম সুদিথার সঙ্গে রাজার প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিলেও রাজার দপ্তর তাদের মধ্যে সম্পর্ক থাকার কথা আগে কখনো স্বীকার করেনি।

উল্লেখ্য, ৭০ বছর থাইল্যান্ডের সিংহাসনের আসীন থাকার পর ২০১৬ সালের অক্টোবরে রাজা ভূমিবল আদুলিয়াদেজ মৃত্যুবরণ করেন। তারপর সাংবিধানিকভাবে রাজা হন তার ছেলে ভাজিরালংকর্ন। রাজা হয়ে ৬৬ বছর বয়সী ভাজিরালংকর্ন রাজা দশম রামা উপাধি গ্রহণ করেন।

শনিবার সুবিস্তৃত বৌদ্ধ ও ব্রাহ্মণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজা হিসেবে মুকুট পরার কথা রয়েছে তার। অভিষেকের পরদিন রোববার ব্যাংককের রাজপথে নতুন রাজার শোভযাত্রা করারও কথা রয়েছে।