কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ২য় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ উঠেছে উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর ও তার এক সহযোগীকে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার চর শৌলমারী ইউনিয়নে চর গেন্দার আলগা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর অভিযুক্ত দুই কিশোরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর মা। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও শিশুটির পরিবার জানায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে নির্যাতনের শিকার শিশুটি বাড়ীর পাশে একটি মাঠে অন্যান্য শিশুদের সাথে খেলছিল। এসময় একই গ্রামের সাইদুর(১৪) ও শরিফ(১৫) তাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়।
সেখানে শরিফের সহযোগিতায় সাইদুর শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্ত সাইদুর ও শরিফকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুপুর বিশ্বাসের বরাত দিয়ে রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, প্রাথমিকভাবে শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
এদিকে, মঙ্গলবার রাতেই শিশুটির মা বাদী হয়ে ওই দুই কিশোরের বিরুদ্ধে রৌমারী থানায় অভিযোগ করেছেন।
ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, ‘অভিযোগ পেয়েছি যা মামলা হিসেবে রেকর্ডের প্রক্রিয়াধীন রয়েছে। আটক দুই কিশোরকে আদালতে পাঠানো হবে।’
পেপার’স লাইফ/খবর/চন্দন কুমার সরকার,কুড়িগ্রাম প্রতিনিধি

