নতুন করে একই পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত, মোট ১৭


corona selection

বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য।  এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭-তে দাঁড়ালো।
আজ বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।
তিনি জানান,  নতুন করে যে তিনজন আক্রান্ত হয়েছেন, তারা ইতালিফেরত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।
গতকাল বুধবার আইইডিসিআর জানায়, দেশে প্রথম কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তি ৭০ বছর বয়সী একজন পুরুষ। তিনি ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপে ভুগছিলেন। এ ছাড়া তার হার্টে স্টেন্ট পরানো ছিল।
আজ আবুল কালাম আজাদ বলেন, নতুন আক্রান্ত হওয়া তিনজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। পরিবারের সদস্যদের আক্রান্ত হওয়ার বিষয়টি খুব তাৎপর্যপূর্ণ।
প্রসঙ্গত, দেশে ৮ মার্চ প্রথম তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে তিনজনই সুস্থ হয়ে উঠেছেন।
করোনা ভাইরাস নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) খোলা হটলাইনে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৮৩৮ জন সেবা নিয়েছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এরমধ্যে ৮ হাজার ৯৭০ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৪৯ জন।