নতুন বছরের প্রথম দিন সারা দেশে স্কুলশিশুরা মেতেছে নতুন বইয়ের উৎসবে। আজ সোমবার বছরের প্রথম দিন দেশের সব স্কুলে এই উৎসবের মধ্য দিয়ে চার কোটি ৩৭ লাখ ছয় হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই তুলে দেওয়া হচ্ছে।
গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৮ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছিলেন। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের এবং আজিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মাধ্যমিকের শিক্ষার্থীদের বই উৎসবের উদ্বোধন করা হয়।
প্রাক-প্রাথমিক ও প্রাথমিকের বই উৎসবের উদ্বোধন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, “আমরা বিনামূল্যে বই দিই, উপবৃত্তি দিই বা অন্যান্য সুযোগ-সুবিধা দিই বলেই এখন সবাই স্কুলে যায়- এটা আমার মনে হয় না। স্বাধীনতার মর্মবাণী উপলব্ধি করতে পারে বলেই তারা স্কুলে যায়।”
বিগত কয়েক বছরের প্রথম দিনই বিনামূল্যে বই বিতরণ করতে পারাকে সরকারের ‘অন্যতম বড় অর্জন’ হিসেবে দেখেন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।
এবার প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের দুই কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৯৯৩ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে ১০ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৩০৪টি চার রঙা পাঠ্যপুস্তক।
এছাড়া পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর (চাকমা, মারমা, গারো, ত্রিপুরা, সাদরি) শিক্ষার্থীদের জন্য তাদের ভাষায় দেশের ২৪ জেলায় পাঠ্যপুস্তক সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক শ্রেণির ‘আমার বই’ ৩৪ হাজার ৬৪২টি, একই পরিমাণ অনুশীলন খাতা এবং প্রথম শ্রেণির ৭৯ হাজার ৯৯২টি পাঠ্যপুস্তক মুদ্রণ করা হয়েছে।
সব মিলিয়ে ওই পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির মোট এক লাখ ৪৯ হাজার ২৭৬টি পাঠ্যপুস্তক ও পঠন-পাঠন সামগ্রী মুদ্রণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ছয়টি বিষয়ে বাংলা ও ইংরেজি ভার্সনের বই দেওয়া হচ্ছে। বই ও অনুশীলন খাতাসহ আরও ছয় ধরনের পঠন-পাঠন সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হচ্ছে উৎসবে। লালবাগ, মতিঝিল, কোতোয়ালি, রমনা, সূত্রাপুর ও ডেমরা থানার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার শিশু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এসেছিল বই নিতে।
গত আট বছরে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২২৫ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৭৫০টি বই ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।
