নতুন মিসাইলের পরিকল্পনা ভারতের!


paperslife

সম্প্রতি পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমানকে প্রতিরোধ করতে নতুন ক্ষেপণাস্ত্র সংযোজনের পরিকল্পনা করছে ভারত। জানা গেছে, ইসরায়েলের তৈরি ডারবি ক্ষেপণাস্ত্র নিজেদের সুখোই যুদ্ধবিমানে সংযোজন করতে পারে ভারত।

এ বিষয়ে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, এতে বলা হয়েছে যে, দুই বছরের মধ্যে ইসরায়েলের কাছ থেকে পাওয়া অত্যাধুনিক ডারবি ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমানে যুক্ত করতে পারে ভারত। এই ক্ষেপণাস্ত্র আকাশে ব্যবহার করা যাবে। এছাড়াও, ভারত নিজেদের বিমান বহরে থাকা সুখোই-৩০ যুদ্ধবিমানে এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য যে, গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালিয়েছিল ভারত। পুলওয়ামায় ঘটা জঙ্গি হামলার বদলা হিসেবে ভারত ওই বিমান হামলা চালায়। ওই সময় ভারতের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয় এবং একজন ভারতীয় বৈমানিককে আটক করে পাকিস্তান। এ বিষয়ে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের সঙ্গে টক্কর দিতে পারেনি ভারতের পুরোনো সুখোই। এ কারণেই নতুন ক্ষেপণাস্ত্রে যুদ্ধবিমান সাজাতে চাইছে ভারত।

এছাড়াও, ভারতীয় বিমানবাহিনীর একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে স্পাইডার সিস্টেমের (ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য) আওতায় ভারত ডারবি ক্ষেপণাস্ত্রের কিছু চালান হাতে পেয়েছে। এবং পরবর্তীতে সুখোই যুদ্ধবিমানে সেগুলো সংযুক্ত করা হবে।

এনডিটিভি আরও জানিয়েছে, ডারবি ক্ষেপণাস্ত্র সংগ্রহের আরেকটি কারণ হলো, পাকিস্তান এখন মার্কিন এআইএম-১২০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। বালাকোটে হামলার সময়ই তা টের পেয়েছে ভারত। মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পাল্টা জবাব দিতেই ভারত ইসরায়েলের ডারবি ব্যবহার করতে চাচ্ছে।

তবে ডারবির পাশাপাশি এএসআরএএএম নামের একটি ক্ষেপণাস্ত্রও কেনার প্রক্রিয়াও চলছে। আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রও সুখোই যুদ্ধবিমানে সংযোজন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও,  ভারত নিজেরাও ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে বলে জানা যায়। এই ক্ষেপণাস্ত্রের নাম ‘অস্ত্র’। ভারতীয় বিমানবাহিনীর একটি সূত্র বলছে, অস্ত্র তৈরির কাজ চলছে।