নওগাঁর রানীনগরে নামাজরত অবস্থায় পেছন থেকে ছুরিকাঘাত করে সামছুন নাহার (৩৮) নামে এক গৃহবধূকে হত্যা করেছন এক স্বামী। রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ঘাতক স্বামী সিরাজুল ইসলামকে (৪৮) গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, প্রায় ২০বছর আগে সিরাজুল ইসলাম উপজেলার এনায়েতপুর মঙ্গলপাড়া গ্রামের আব্দুল হামিদের মেয়ে সামছুন নাহারকে বিয়ে করে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ লেগেই থাকত। এর মধ্যে তাদের একবার বিয়ে বিচ্ছেদ হয়। পারিবারিক সমঝোতায় পুনরায় তাদের বিয়ে হয়। এরপর দাম্পত্য জীবনে তাদের সংসারে তিন ছেলের জন্ম হয়।
রোববার বিকেলে সামছুন নাহার ঘরে আসরের নামাজ পড়ার সময় সিরাজুল ইসলাম পেছন থেকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। সামছুন নাহারের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সিরাজুল পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
অপরদিকে ছুরিকাঘাত করে সিরাজুল নদীতে ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোর্পদ করে।

