কুড়িগ্রামের নাগেশ্বরীতে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি করোনা সংক্রমনের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রাপ্ত প্রতিবেদনে ওই ব্যক্তি করোনা পজেটিভ শনাক্ত হন বলে জানিয়েছেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু বকর সিদ্দিক।
স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত ওই ব্যক্তি নাগেশ্বরী পৌর এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জ ফেরত ওই ব্যক্তি বাড়িতে ফেরার পর গত ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে বৃহস্পতিবার প্রাপ্ত প্রতিবেদনে সে করোনা আক্রান্ত বলে জানা যায়।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু বকর সিদ্দিক জানান, ওই ব্যক্তিকে আইসোলেশনে নেওয়ার পাশাপাশি তার বাড়ি লকডাউন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তার পরিবারের অন্যান্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।
প্রসঙ্গত, এ নিয়ে জেলায় ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন। এর মধ্যে ১০ জনই জেলার বাইরে থেকে বাড়িতে ফিরেছেন। আক্রান্ত অপর ব্যক্তি একজন নারী। তার আক্রান্ত হওয়ার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি স্বাস্থ্য বিভাগ।
পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি

