বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ হলো হতাশা দিয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটে হেরেছে সালমারা।
‘এ’ গ্রুপে চার ম্যাচের চারটিতেই হেরে তলানীতে থেকে বিশ্বকাপ মিশনের স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশ নারী দলের।
সোমবার সকালে মেলবোর্নে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯১ রান করে বাংলাদেশ। নিগার সুলতানার ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৪৫ বলে ৩৯ রান। এছাড়া বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।
৯২ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় লঙ্কান মেয়েরা। ৩৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ওপেনার হাসিনি পেরেরা। আরেক ওপেনার চামারি আতাপাত্তুর ব্যাট থেকে আসে ৩০ রান। জায়ানগানি ২২ বলে ৩০ রান করে নাহিদা আকতারের বলে বিদায় নিলেও আনুশকা সানজিওয়ানির ১৮ বলে ১৬ রানে সহজেই জয় পায় লঙ্কানরা।
লঙ্কান বোলিং অলরাউন্ডার শশীকলা সিরিবর্ধনে ১৭ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন এ ম্যাচ দিয়ে। বিদায়ী ম্যাচে আলো ছড়িয়েছেন তিনি। ১৬ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরাও।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৮ রানে হেরেছিল টাইগ্রেসরা। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে ৮৬ রানে। তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারে ১৭ রানে। শেষ ম্যাচে এসে লজ্জার ষোলকলা পূরণ করে ৯ উইকেটে হেরে।

