ক্রীড়াবিদদের জীবন নিয়ে লেখা হয় বই। কখনো কখনো সিনেমার পর্দায় ফুটিয়ে তোলা হয় সেসব ক্রীড়াবিদের জীবনের গল্প। ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেবকে নিয়ে করা সিনেমা জনপ্রিয়তা পেয়েছে বেশ।
এর মধ্যে কপিল দেবকে নিয়ে করা ‘১৯৮৩’ সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই রয়েছে দর্শক আগ্রহের তুঙ্গে। শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলার তারকা খেলোয়াড়দের নিয়েও অনেক সিনেমা হয়েছে ভারতে।
বাংলাদেশে এখনও শুরু হয়নি সেই চল। এখনও কোন ক্রিকেটার বা ফুটবলার বা অন্য কোন খেলোয়াড়ের জীবনী নিয়ে সিনেমা বানায়নি ঢালিউড।
তবে যেহেতু বর্তমানে ক্রিকেটই দেশের এক নম্বর খেলোয়াড়, তাই অনেকেরই আশা ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জীবনী নিয়ে হয়তো বায়োপিক হতেও পারে।
আর যদি সত্যিই তাই হয়, তাহলে এই বায়োপিকে মাশরাফির চরিত্রটি পালন করবেন কে? মাশরাফি নিজেই জানিয়েছেন, কাকে চান নিজের বায়োপিকের নায়ক হিসেবে।
বুধবার রাতে দেশের স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ‘নট আউট নোমান’ নামের লাইভ অনুষ্ঠানে মাশরাফির কাছে জানতে চাওয়া হয়, তার জীবন নিয়ে সিনেমা করা হলে, নায়ক হিসেবে কাকে চাইবেন?
মাশরাফি জানিয়েছেন, তার নিজের জীবন নিয়ে সিনেমা করা হলে, তিনি নায়ক হিসেবে চাইবেন আরেফিন শুভকে। মাশরাফি বলেছেন, ‘মাশরাফির জীবন নিয়ে সিনেমা…. আমার বাংলাদেশের আরেফিন শুভকে ভালো লাগে। স্মার্ট খুব, হয়তোবা আরেফিন শুভ…।’

