নিম্নমুখী তামার বাজার



বিশ্বব্যাপী তামার দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল ব্যবহারিক ধাতুটির দাম আগের দিনের তুলনায় ১ শতাংশের বেশি কমেছে।
দিনের শুরুতে ব্যবহারিক ধাতুটির দাম প্রায় সাড়ে তিন মাসের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছিল। অন্যদিকে চীনের বাজারে তামার দাম কমেছে আগের দিনের তুলনায় ২ শতাংশের বেশি।
গতকাল দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৬ হাজার ৫৮০ ডলারে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কম। দিনের শুরুতে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন তামার দাম ৬ হাজার ৫৩২ ডলারে নেমে এসেছিল। ২০১৭ সালের ডিসেম্বরের শুরুর সময়ের পর এলএমইতে এটাই তামার সর্বনিম্ন দাম।
একই চিত্র দেখা গেছে চীনের বাজারেও। গতকাল দিন শেষে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৪৯ হাজার ১৩০ ইউয়ান (স্থানীয় মুদ্রা) বা ৭ হাজার ৭৮৪ ডলারে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ কম। দিনের শুরুতে ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ৪৮ হাজার ৭২০ ইউয়ানে নেমে এসেছিল। ২০১৭ সালের জুলাইয়ের পর চীনে এটাই তামার সর্বনিম্ন দাম।
যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধের জের ধরে আন্তর্জাতিক বাজারে তামার দরপতন হয়েছে বলে এক নোটে উল্লেখ করেছে মেলবোর্নভিত্তিক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ব্যাংক।