নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন



দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূ্ল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন, বেচাকেনাও কমেছে। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৫৭ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৭৭৪ দশমিক ৫৭ পয়েন্টে। ১৪ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ৭ শতাংশ কমে ২ হাজার ১২৭ দশমিক ১ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ১২ দশমিক ৬৬ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ কমে ১ হাজার ৩৪৮ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৭ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ৪৩৮টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৫০ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩৮৪ কোটি ৪ লাখ ২১ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ২৪৯টির ও অপরিবর্তিত ছিল ৪৭টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৯৭ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১০ হাজার ৭৭০ দশমিক ১ পয়েন্টে নেমে যায়। ৮০ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১৬ হাজার ১৮১ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১৪ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার ৫৮ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৫ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৭২৪ টাকা।