নিম্নমুখী স্বর্ণের দাম



ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় নিম্নমুখী হয়ে পড়েছে স্বর্ণের দাম। গতকালও পণ্যটির দাম কমেছে।
আগস্টে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম কমেছে প্রায় দশমিক ১ শতাংশ। এদিন পণ্যটির দাম আউন্সপ্রতি ১ ডলার কমে ১ হাজার ২৪৩ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়। আগের দিন পণ্যটির দাম দশমিক ৯ শতাংশ কমেছিল।
ডলার এখন স্বর্ণের বাজারে সবচেয়ে বড় প্রভাবকের ভূমিকা পালন করছে। সাধারণত স্বর্ণ ও ডলার বিপরীতমুখী আচরণ করে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতার মতো প্রতিকূল পরিস্থিতিতে ডলারের বিনিময়মূল্য যখন কমে, নিরাপদ বিনিয়োগের আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের চাহিদা তখন বাড়তে থাকে।
এমন অবস্থায় পণ্যটির দাম বাড়ে। আবার অর্থনীতির চাঙ্গাভাব ও মার্কিন ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ালে স্বর্ণের মতো লভ্যাংশহীন বিনিয়োগ কমে আসে। এতে চাহিদা কমে স্বর্ণের দামও কমে যায়।
গতকাল আইসিইতে ডলার সূচকের অবস্থান দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৭২ পয়েন্ট।