মুদ্রাবাজারে ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় নিম্নমুখী হয়ে পড়েছে স্বর্ণের বাজার। গতকাল পণ্যটির দাম কমেছে। সিরিয়া ঘিরে ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ায় আগের দিন পণ্যটির দাম বেড়ে আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গিয়েছিল।
গতকাল জুনে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম কমেছে দশমিক ৭ শতাংশ। এদিন পণ্যটির দাম আউন্সপ্রতি ১০ ডলার কমে ১ হাজার ৩৫০ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়। আগের দিন পণ্যটির দাম ১ শতাংশের বেশি বেড়েছিল। ওইদিন পণ্যটির দাম আউন্সপ্রতি ১ হাজার ৩৬০ ডলারে স্থির হয়, যা ২৫ জানুয়ারির পর থেকে সর্বোচ্চ সমাপনী দামের রেকর্ড। এদিন বাজারে স্বর্ণের লেনদেন শেষ হওয়ার পরে গত ২০-২১ মার্চ অনুষ্ঠিত ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী বৈঠকের কার্যবিবরণী প্রকাশিত হয়। বৈঠকে উপস্থিতরা আসন্ন দিনে মার্কিন অর্থনীতি আরো চাঙা হবে বলে মত প্রকাশ করেন। একই সঙ্গে তারা মূল্যস্ফীতি বাড়তে পারে বলে জানান। বৈঠকে সুদহার বাড়ানোর পক্ষেও মত দেন তারা। মূলত এর পরেই মুদ্রাবাজারে ডলারের অবস্থান শক্তিশালী হয়ে উঠে।
গতকাল আইসিইতে ডলার সূচকের অবস্থান দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৭৫ পয়েন্ট। একইদিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও সূচক বেড়েছে।
মে মাসে সরবরাহের চুক্তিতে রুপার দাম কমেছে ১ শতাংশ। এদিন পণ্যটির দাম আউন্সপ্রতি ১৭ সেন্ট কমে ১৬ দশমিক ৫৯৫ ডলারে লেনদেন হয়। মে মাসে সরবরাহের চুক্তিতে তামার দাম ২ শতাংশের বেশি কমেছে। এদিন পণ্যটি পাউন্ডপ্রতি ৩ দশমিক শূন্য ৫১ ডলারে লেনদেন হয়। জুনে সরবরাহের চুক্তিতে প্লাটিনামের দামে কমেছে দশমিক ১ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ৯৩২ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়।
