নির্বাচনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার আহ্বান, সাংবাদিকদের নিরাপত্তায় সরকারের প্রতিশ্রুতি



তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সাংবাদিকদের সতর্ক, সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রোববার (৭ সেপ্টেম্বর, ২০২৫) ঢাকার তথ্য ভবনে ডিএফপির সভাকক্ষে নির্বাচনকালীন গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম জোর দিয়ে বলেন, “নির্বাচনের সময় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। ভোটের মাঠে কী ঘটছে, কোনো অনিয়ম বা সহিংসতা হলে তা জনগণের সামনে তুলে ধরতে হবে।” তিনি জানান, অতীতে গণমাধ্যমের ওপর বিধিনিষেধ ছিল, কিন্তু এবারের নির্বাচনে এমন কোনো বাধা থাকবে না। তিনি আরও বলেন, তরুণ ভোটার ও প্রবাসী বাংলাদেশিদের কাছে রাজনৈতিক দলগুলোর ভূমিকা পৌঁছে দিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সরকার নির্বাচনকালীন সহিংসতা রোধে সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়ে তিনি গণমাধ্যমকেও এ ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান। সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময় সাংবাদিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। সংবাদ সংগ্রহে অসংগতিপূর্ণ বিধিনিষেধ থাকলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

সভায় সাংবাদিকরা নির্বাচনকেন্দ্রে সংবাদ কাভারেজের জন্য বিধিনিষেধ সংশোধন এবং সাংবাদিকদের কার্ডের অপব্যবহার রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।