যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি ক্যাসিনো থেকে উন্মুক্ত কনসার্টের ওপর নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ৫০ জনকে হত্যা করা হয়েছে; আহত হয়েছে শতাধিক।
স্থানীয় সময় রোববার মধ্যরাতে মান্দালয় বে ক্যাসিনোর পাশে উন্মুক্ত চত্বরে রুট নাইনটি ওয়ান হারভেস্ট কনসার্ট চলাকালে এই গুলির ঘটনা ঘটে।
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওই ক্যাসিনোর ৩২ তলায় সন্দেহভাজন একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। তার সঙ্গে চলাফেলা করছিল এরকম আরও একজনকে পুলিশ খুঁজছে।
ওই ঘটনার পরপরই কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার খবর দেয় সিএনএন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানায়, গুলির ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ২৪ জন।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঘটনাস্থলের অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে শত শত মানুষ দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর গুলির যে শব্দ শোনা যাচ্ছে ধারণা করা হচ্ছে সেটা একটানা স্বয়ংক্রিয় বন্দুকের শব্দ । টিভিতে দেখানো সরাসরি ফুটেজে দেখা যাচ্ছে লাস ভেগাস স্ট্রিপে ভারী অস্ত্রসহ পুলিশ অবস্থান করছে।
স্থানীয় হাসপাতালের একজন মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে জানিয়েছে গুলিতে আহত এমন অন্তত ২০ জনকে তার এখন চিকিৎসা দিচ্ছে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, পুলিশ একাধিক জায়গায় গোলাগুলির খবর পেয়ে মাঠে নেমেছে। লাস ভেগাস পুলিশ টুইটারে অন্তত একজন সন্দেহভাজন নিহত হওয়ার খবর দিলেও এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
এদিকে গোলাগুলির খবরে লাস ভেগাসের ম্যাকারান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
