মেক্সিকোতে ভূমিকম্পের ৩২ বর্ষপূর্তিতে আবার ভূমিকম্প, নিহত ২৪৮




মঙ্গলবার রাজধানী মেক্সিকো সিটির নিকটবর্তী পুবেলা স্টেটের এই শক্তিশালী ভূমিকম্প হয়।  ভূ-পৃষ্ঠের ৫১ কিলোমিটার গভীরে মঙ্গলবারের ভূমিকম্পের উৎপত্তি বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে।
টেলিভিশনে আসা ছবিতে দেখা গেছে, রাজধানীতে একটি বহুতল ভবনের মাঝের একটি ফ্লোর ধসেছে, সেখানে ছুটে যাচ্ছেন জরুরি সেবাদাতারা।  অপর একটি ভিডিওতে দেখা গেছে, একটি সরকারি ভবনের এক পাশ রাস্তায় পড়ছে এবং পথচারীরা চিৎকার করছেন।
বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিভাগের একজন কর্মী স্থানীয় একটি টিভিকে জানিয়েছেন, মেক্সিকো সিটিতে আগুন ধরে যাওয়া কয়েকটি ভবনের মধ্যে মানুষজন আটকা পড়েছেন।
দেশটির রাজধানীতে আতঙ্কিত লোকজন ছুটে এসে রাস্তায় অবস্থান নিয়েছেন এবং শহরের অনেক এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সূত্র: দ্যা গার্ডিয়ান