লাদাখে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর চীনকে উচিত জবাব দিতে মুখিয়ে ভারতীয় সেনাবাহিনী। নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্কতা জারি করা হয়েছে। কখনও অরুণাচল, কখনও লাদাখ, চীনের বারবার ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া আর বরদাস্ত করা হবে না সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে যে চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে আলাপ-আলোচনার দিন গত হয়েছে বলে মনে করা হচ্ছে। চীনের আগ্রাসী মনোভাবের জন্যই ভারত-চীন সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী।
চীনের সঙ্গে ভারতের ৩৪৮৮ কিলোমিটার বিস্তীর্ণ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সবচেয়ে শীর্ষ স্তরের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার রাতে লাদাখের গলওয়ান উপত্যকায় দুই বাহিনীর সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যর পরে সীমান্তে রীতিমত যুদ্ধকালীন প্রস্তুতি চলছে।
শুধু ভারতীয় সেনাবাহিনী নয়, সতর্কতা জারি করা হয়েছে ভারতীয় বায়ু সেনা এবং নৌবাহিনীতেও। যে কোনও রকম পরিস্থিতির জন্য তৈরি রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স। পরিস্থিতির দিকে নজর রেখেছে বলে জানিয়েছে নৌসেনা। ভারত মহাসাগরে টহলদারি ও নজরদারি আরও বাড়িয়েছে নৌসেনা।

