ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত অভিযোগে গ্রেপ্তার তার সহপাঠী আলিম পরীক্ষার্থী কামরুন নাহার মণিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন আদালতে কর্তব্যরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসান হাবীব।
আজ গ্রেপ্তার কামরুন নাহার মণিকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফউদ্দিন আহমেদের আদালতে হাজির করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. শাহ আলম জানিয়েছেন, মণির ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত ওই নারীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মণিকে ফেনী শহর এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। ৬ এপ্রিল পরীক্ষা চলাকালে মাদ্রাসার একটি ভবনের ছাদে যে পাঁচজন নুসরাতের গায়ে আগুন দিয়েছিল, তাদের মধ্যে মণিও ছিলেন বলে পিবিআইয়ের ভাষ্য।
উল্লেখ্য, ৬ এপ্রিল আলিম পরীক্ষার্থী রাফিকে সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসা ক্যাম্পাসে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১০ এপ্রিল তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় করা মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এক সংবাদ সম্মেলনে তদন্তকারী সংস্থা বলেছে, দুটি কারণে নুসরাতকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। এক. শ্লীলতাহানির মামলা করে অধ্যক্ষকে গ্রেপ্তার করিয়ে নুসরাত আলেম সমাজকে ‘হেয়’ করেছেন। দুই. আসামি শাহাদাত নুসরাতকে বারবার প্রেমের প্রস্তাব দিয়েছেন। কিন্তু নুসরাত তা গ্রহণ না করায় শাহাদাতও হত্যার পরিকল্পনা করেন।

