ফিলিপাইন আন্তর্জাতিক নৃত্য উৎসব-২০১৮ তে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে তুরঙ্গমী।
ফিলিপাইন সরকারের পক্ষ থেকে তুরঙ্গমীকে দেয়া সরাসরি আমন্ত্রণপত্রে জানানো হয়, ফিলিপাইনের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে, আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে, এপ্রিলের শেষ সপ্তাহটিকে ফিলিপাইন ‘জাতীয় নৃত্য সপ্তাহ’ ঘোষণা করা হয়েছে এবং এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার নাচের দলকে আমন্ত্রণ জানিয়েছে ফিলিপাইন সরকার।
২৬ হতে ৩০ এপ্রিল ৫ দিনব্যাপী উৎসবে তুরঙ্গমীর প্রযোজনা ‘অনামিকা সাগরকন্যা’, কোরিওগ্রাফি ‘নন্দিনী’ ও ‘ফরেভার- চির দিনের গান’ মঞ্চায়ন করা হবে। বাংলাদেশের নাচের ওপর বিশেষ কর্মশালা পরিচালনা করবেন পূজা সেনগুপ্ত। উৎসবের প্রতিপাদ্য বিষয়, ‘নৃত্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক সংযোগ।’
পূজা সেনগুপ্তর নেতৃত্বে তুরঙ্গমীর ছয় সদস্যের দল ফিলিপাইন যাচ্ছে আজ। দলের সদস্যরা হলেন পূজা সেনগুপ্ত, সুস্মিতা লোপা, মো. ফরহাদ আহমেদ, কাজী রায়হান, বৃষ্টি বেপারি, মো. হাসান-উদ-দীন। আন্তর্জাতিক এ আসরে তুরঙ্গমীর অংশগ্রহণে পৃষ্ঠপোষকতা করছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
