নেইমারকে প্রতারক আখ্যা দিয়ে স্পেনের কিংবদন্তি কোচ ভিসেন্তে দেল বস্ক বার্সেলোনাকে পরামর্শ দিয়েছেন নেইমারকে যেন দলে না ফেরায়।
তার কারণ আছে বৈকি! করোনা আতঙ্কের মাঝেই গুঞ্জন উঠেছে নতুন মৌসুমে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ফিরছেন সাবেক তারকা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) নাম লিখিয়েছিলেন নেইমার। অনেক চেষ্টা ক্রেও ব্রাজিলিয়ান স্টারকে ধরে রাখতে পারেনি কাতালান দলটি।
স্পেনের কিংবদন্তি কোচ দেল বস্ক জানালেন, ‘ওকে (নেইমার) বোঝা কঠিন। আমার মতে, এটা ভাল উদাহরণ নয়। তবে রেকর্ড-পরিসংখ্যানের বিচারে সে গ্রেট ফুটবলার। আমাকে জিজ্ঞেস করলে, সেরা পাঁচের তালিকায় নিশ্চিতভাবেই থাকবে নেইমার। কিন্তু মাঠে সে প্রতারণার চেষ্টা করে, অনেক নাটক করে। এর বাইরেও যেভাবে বার্সেলোনা ছেড়ে গেল…।’
তিনি আরও বলেন, ‘কাকে দলে নেয়া হবে, কাকে নেয়া হবে না- এসব ক্লাবেরই ঠিক করা উচিৎ। খেলোয়াড়রা কী বলছে তাতে এতো মনোযোগ দেয়ার কিছু নেই। এসবের জন্য স্পোর্টস ডিরেক্টর, টেকনিক্যাল ডিরেক্টর আছেন। একজন সতীর্থের ব্যাপারে অন্য ফুটবলাররা কখনওই খারাপ বলতে পারে না। এটা মাথায় রাখতে হবে।’
বার্সেলোনার দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের কারণেই বারবার উন্মুক্ত হয়ে যায় নেইমারের বার্সায় ফেরার পথ। বিশেষ করে বার্সা অধিনায়ক লিওনেল মেসির নিজেরও আগ্রহ রয়েছে নেইমারকে ক্লাবে ফেরানোর ব্যাপারে। এখন দেখার বিষয়, নেইমার আবার ক্যাম্প ন্যুতে ফেরে কিনা!

