নেদারল্যান্ডসে ট্রামে গুলি; নিহত ৩


paperslife

নেদারল্যান্ডেসের ইউট্রেখটে ট্রামের ভেতরে এলোপাতাড়ি গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছে এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন আরো নয়জন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনওএস  এ খবর জানিয়েছে।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে  জানান ইউট্রেখটের মেয়র ফন ভন জানীন।

নেদারল্যান্ডেসের চতুর্থ বৃহৎ নগরী ইউট্রেখটে তিন লাখ ৪০ হাজার মানুষ বসবাস করে। সোমবার নগরীর কানালআইল্যান্ড জেলার যে এলাকায় ট্রামে গুলির ঘটনা ঘটে সেটি বেশ নিরিবিলি আবাসিক এলাকা, অভিবাসীরাই সেখানে সংখ্যাগরিষ্ঠ।

হামলায় জড়িত সন্দেহে গোকম্যান তানিস নামে ৩৭ বছরের এক তুর্কিকে খুঁজছে পুলিশ।
স্থানীয় সময় সোমবার সকাল পৌনে ১১টার দিকে (০৯:৪৫) টোয়েন্টিফোর অক্টোবরপ্লেইন জংশনের কাছে গুলির এ ঘটনা ঘটে। ট্রামের ভেতর গুলি করার পর বন্দুকধারী গাড়ি নিয়ে পালিয়ে যায়। তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।

ঘটনাটিকে একটি ‘সন্ত্রাসী হামলা’ বলে মনে করছে সন্ত্রাস-দমন পুলিশ। ইউট্রেখট নগরীতে অস্থায়ীভাবে সর্বোচ্চ সতর্কতা জরি করা হয়েছে।

নিরাপত্তার কারণে স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে নগরীতে সব ধরনের ট্রেন ও ট্রাম চলাচল বন্ধ করে দিয়েছিল। যদিও পরে কিছু কিছু যান চলতে শুরু করেছে।

সোমবারের এ হামলায় নেদারল্যান্ডেসের প্রধানমন্ত্রী মাখ রুত্তে ‘গভীর শোক’ প্রকাশ করে বলেন, “ইউট্রেখটে আজকের হামলায় পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে গেছে….সন্ত্রাসী এ মনোভাবকে বাড়তে দেওয়া যাবে না।”
“নিষ্পাপ মানুষজন নৃশংসতার শিকার হচ্ছে। এ হামলা পরিকল্পনাকারী বা পরিকল্পনাকারীদের দ্রুত খুঁজে বের করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।”