রাজশাহীতে পদ্মা নদীতে বর-কনেবাহী দুটি নৌকাডুবির ৪ দিন পর নিখোঁজ কনে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে উদ্ধার হলো নিখোঁজ ৯ জনেরই লাশ।
আজ সোমবার সকালে শ্যামপুর এলাকা থেকে কনে সুইটি খাতুনের লাশ উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যার দিকে রাজশাহীর শ্রীরামপুরে পদ্মা নদীতে ৪০ জন যাত্রী নিয়ে দুটি নৌকা ডুবে যায়।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজশাহী শহর সংলগ্ন পবা উপজেলার ডাঙেরহাট গ্রামের শাহীন আলীর মেয়ে সুইটি খাতুনের (২০) বিয়ে হয়। বিয়ের পর ওই দিনই বরের বাড়িতে নেওয়া হয় কনেকে।
পরে শুক্রবার দুপুরের দিকে কনে সুইটির আত্মীয়-স্বজনরা বর-কনেকে আনতে চরখিদিরপুর গিয়েছিলেন। ফেরার পথে সন্ধ্যায় শ্রীরামপুরে পদ্মায় ৪০ জন যাত্রী নিয়ে দুটি নৌকা ডুবে যায়।

