মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্যের ঘটনায় দুটি মানহানির মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন নড়াইলের আদালত।
আজ মঙ্গলবার জামিন আবেদন শুনানির নির্ধারিত দিনে সদর আমলি আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহিদুল আজাদ এ আদেশ দেন।
বাদীর আইনজীবী আ. সালাম খান বলেন, গত ২ জুলাই খালেদার পক্ষে জামিন আবেদন করা হয়। সেইদিন শুনানি শেষে আদালত আজ (১৭ জুলাই) আদেশের দিন রাখে। পরে বিএনপি নেত্রীর জামিন নামঞ্জুর করেন বিচারক।
এর আগে গত ৫ জুন জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি হলেও ‘সমর্থনীয় নয়’ উল্লেখ করে আবেদন নামঞ্জুর করে আদালত।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল জেলার নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে নড়াইল সদর আদালতে মানহানি মামলা করেন। ২০১৬ সালের ২৩ আগস্ট খালেদা জিয়াকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। নির্ধারিত সময়ে খালেদা জিয়া আদালতে হাজিরা না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর আগে ওই বছরের ২৫ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেন একই আদালত।
এদিকে, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে নড়াইলের আদালতে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর দুপুরে আরো একটি মানহানি মামলা করা হয়।
