‘পদ্মাবত’র জন্য মুক্তির দিনই পিছিয়ে দিল ‘প্যাডম্যান’। ২৫ জানুয়ারির পরিবর্তে অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ মুক্তি পাবে ৯ ফেব্রুয়ারি। আগামী সপ্তাহে সঞ্জয় লীলা বানসালীর ‘পদ্মাবত’-ই একমাত্র বলিউড রিলিজ হতে চলেছে।
শুক্রবার সঞ্জয় লীলা বানসালী এবং অক্ষয় কুমার যৌথ সাংবাদিক সম্মেলনে মুক্তির দিন পিছনোর ঘোষণা করেছেন। শুটিং শুরু হওয়ার পর থেকে ‘পদ্মাবত’ যে বিতর্কের মধ্যে দিয়ে গিয়ে, শেষ পর্যন্ত দেশজুড়ে মুক্তি পাওয়ার অনুমতি পেয়েছে, সে কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অক্ষয়।
তিনি বলেন, উনি (সঞ্জয় লীলা বানসালী) অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন। এই সময় অনেক বেশি জরুরি তাঁদের ছবিটার মুক্তি। এর গুরুত্ব আমার ছবির থেকে বেশি।
একই সঙ্গে সঞ্জয় লীলা বানসালীও অক্ষয়ের এমন সিদ্ধান্তের পর তাঁকে ধন্যবাদ জানাতে ভোলেননি। পরিচালক বলেছেন, ‘সারা জীবন আমি অক্ষয়ের কাছে কৃতজ্ঞ থাকব। এ ভাবেই আমরা একে অপরের পাশে দাঁড়াই।
উল্লেখ্য, প্রথমে ‘পদ্মাবতী’ নামে ছবি মুক্তির দিন ধার্য হয়েছিল গত ১ ডিসেম্বর। ছবির মুক্তি ঘিরে দেশজুড়ে বিতর্ক, করণী সেনার বিক্ষোভ, দীপিকা পাড়ুকোনকে হুমকি, সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, জনস্বার্থ মামলা, সব পেরিয়ে শীর্ষ আদালতের রায়ের পর ছবির নাম পরিবর্তন করে ‘পদ্মাবত’ মুক্তির স্বাদ পেতে চলেছে। এই পরিস্থিতিতে অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ ছবির সঙ্গে একই দিনে মুক্তির দিন ধার্য হওয়ায় প্রথম থেকেই দুই ছবির বক্স অফিস সংঘাতের কথা উঠে এসেছিল।
একই দিনে মুক্তি নিয়ে ‘প্যাডম্যান’-এর প্রযোজক টুইঙ্কল খন্নাও খুব একটা খুশি ছিলেন না। যদিও, ‘প্যাডম্যান’-এর সহ-প্রযোজক প্রেরণা অরোরা জানিয়েছিলেন, মুক্তির দিন পিছিয়ে দেওয়ার কোনও প্রশ্নই নেই।
তবে শেষ পর্যন্ত অক্ষয় কুমারের সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছেন ‘প্যাডম্যান’ নির্মাতারা।
