পদ্মাসেতুর ২৬তম স্প্যান বসছে আজ


padma span#paparslife

পদ্মাসেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে ইতোমধ্যে বসানো হয়েছে ২৫টি। আজ মঙ্গলবার (১০ মার্চ) সেতুর ২৬তম স্প্যান বসানো হবে। ৫-ডি আইডি নম্বরের স্প্যানটি বসানোর পর সেতুর প্রায় চার হাজার মিটার দৃশ্যমান হবে।শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর খুঁটির ওপর বসানো হবে ২৬তম স্প্যানটি। সেই সাথে জাজিরা প্রান্তে একসঙ্গে ১৪টি স্প্যান দেখা যাবে।

সেতুর ৪১টি স্প্যানের মধ্যে মাওয়া প্রান্তে বিচ্ছিন্নভাবে ১২টি এবং জাজিরা প্রান্তে ১৩টি স্প্যান বসানো হয়েছে। জাজিরা প্রান্তে ২৯ নম্বর থেকে ৪২ নম্বর খুঁটি পর্যন্ত এই ১৩টি স্প্যান বসেছে। আর মাওয়া প্রান্তে ৫ থে‌কে ৭ নম্বর পর্যন্ত ২টি, ১৩ থে‌কে ১৯ নম্বর পর্যন্ত আরও ৬টি এবং ২১ থে‌কে ২৫ পর্যন্ত ৪টিসহ ১২টি স্প্যান বসেছে।

সেতু প্রকল্প কর্মকর্তারা জানান, সেতুর আর মাত্র দুটি খুঁটির শেষদিকের কাজ বাকি। ৪২টি খুঁটির মধ্যে ৪০টি খুঁটির কাজ পুরোপুরি শেষ হয়েছে। আর দুইটি খুঁটির কাজ শেষ হলেই পদ্মাসেতুর সবগুলো খুঁটি স্প্যান বসানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। ২৬ এবং ২৭ নম্বর খুঁটির কাজ এখন চলছে। আর গতকাল গভীর রাতে মাওয়া প্রান্তে ১০ খুঁটির কাজ শেষ হয়।

প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, মূল নদীর সবগুলো পিয়ারের কাজ শেষ। যে দুটি খুঁটি বাকি রয়েছে (পিয়ার-২৬ এবং ২৭) তা চরের মধ্যে বিআইডব্লিউটিএর ক্রসিং চ্যানেলে রয়েছে। এ দুটি খুঁটির কাজও শেষ পর্যায়ে। আগামী মাসের মধ্যে তা শেষ হবে।

পদ্মাসেতু নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির কর্মকর্তারা জানান, এপ্রিলের মধ্যে পদ্মাসেতুর বাকি থাকা দুটি খুঁটি আর জুলাই মাসের মধ্যে সবগুলো স্প্যান বসিয়ে দেবেন তারা। এর মাধ্যমে ৬ দশমিক ১৫ কিলোমিটার লম্বা পদ্মাসেতু দৃশ্যমান হবে।