করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের চুড়ান্ত পর্বের বাকি খেলা লিসবনে অনুষ্ঠিত হবে। জার্মান পত্রিকা বিল্ড এর রিপোর্টে এ কথা বলা হয়েছে।
আগামী ২২ বা ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।আগামী ১৭ জুন বুধবার উয়েফার নির্বাহী কমিটির ভিডিও কনফারেন্সের সময় এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে।
বিল্ডের রিপোর্টে আরো বলা হয়েছে, ইউরোপা লিগের সমাপনী পর্ব সরিয়ে আনা হবে জার্মানিতে। অনুষ্ঠিত হতে পারে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কোলনে।
পূর্ব নির্ধারিত সুচি অনুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। কিন্তু শেষ ষোলোর ম্যাচ চলাকালে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় মার্চের মধ্যভাগ থেকে বন্ধ হয়ে যায় ফুটবল সহ সব ধরনের খেলাধুলা।
ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পোল্যান্ডের শহর গডেনস্কে। সচরাচর দুই লেগে আয়োজন করার নিয়ম রয়েছে কোয়ার্টার ফাইনাল ও সেমি-ফাইনালের ম্যাচগুলো। তবে পরিবর্তিত পরিস্থিতিতে দুটি টুর্নামেন্টেরই খেলা হবে একটি করে।
চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য শেষ ষোলর চারটি দ্বিতীয় লেগের খেলাও বাকি আছে। জুভেন্টাসের আথিথেয়তা দেয়ার কথা রয়েছে লিয়ঁকে। ম্যান সিটির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। চেলসির বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ। আর নাপোলির সঙ্গে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।

