পাকিস্তানের কলেজে তালেবান হামলায় নিহত ৯




পাকিস্তানের একটি কলেজে বোরখা পরা তালেবান বন্দুকধারীদের হামলায় অন্তত নয় জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে আটজন শিক্ষার্থী ও একজন কর্মী।
আজ শুক্রবার ভোরের দিকে হামলাকারীরা বোরকার পরে এগ্রিকালচার ট্রেনিং ইন্সটিটিউটে প্রবেশ করে তাণ্ডব চালায়।
এ বিষয়ে পেশওয়ার পুলিশ প্রধান তাহির খান বলেন, বোরকার আড়ালে নিজেদের লুকিয়ে বন্দুকধারীরা একটি অটো-রিকশায় করে কলেজের সামনে আসে এবং একজন নিরাপত্তারক্ষীকে গুলি করে ক্যাম্পাসে প্রবেশ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারী অন্তত তিনজন ছিলেন। এছাড়া ক্যাম্পাসের ভেতর অন্তত একটি বিস্ফোরণে আওয়াজ পাওয়া গেছে।
সেনা ও পুলিশের যৌথ বাহিনী দুই ঘণ্টার অভিযানে হামলাকারী সবাইকে হত্যা করেছে বলে জানায় দেশটির সেনাবাহিনী। পাকিস্তান তালেবানের পক্ষ থেকে এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করা হয়েছে।
আহত এক শিক্ষার্থী বলেন, সাধারণত কলেজের ছাত্রাবাসে প্রায় চারশ শিক্ষার্থী থাকে। কিন্তু লম্বা ছুটি পড়ায় অনেকেই বাড়িতে চলে গেছে। এখন ১২০জনের মত ছাত্র এখানে আছে। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎই গুলির শব্দ শুনতে পাই। কয়েক সেকেন্ডের মধ্যে আমি উঠে পড়ি এবং দেখি সবাই দৌড়াচ্ছে আর ‘তালেবান হামলা করেছে’ বলে চিৎকার করছে।
হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসক শেহজাদ আকবর বলেন, “আমাদের এখানে আনা আহতদের মধ্যে ছয় জন মারা গেছে, ১৮ জনের চিকিৎসা চলছে। খাইবার টিচিং হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে, সেখানে চিকিৎসা চলছে ১৭ জনের।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পেশওয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান বন্দুকধারীদের হামলায় ১৩৪ শিশু শিক্ষার্থী নিহত হয়।
আরও পড়ুন ;
মিশরে মসজিদে জঙ্গি হামলা, নিহত ১১৫