পাকিস্তানের সিন্ধু প্রদেশে বাস ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৬০ জন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ এ প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, গতকাল শুক্রবার রাতে পাকিস্তানের সিন্ধু প্রদেশে রোহরি রেলওয়ে স্টেশনের কাছে বাস-ট্রেন সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে।
ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ‘দ্য ৪৫ আপ পাকিস্তান এক্সপ্রেস’ ট্রেনটি করাচি থেকে রাওলাপিন্ডির দিকে যাচ্ছিল। আর বাসটি পাঞ্জাব যাচ্ছিল। ট্রেনটি একটি রেল ক্রসিং অতিক্রমের সময় বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনার সময় রেল ক্রসিংয়ে কোনো মানুষ ছিল না।
পুলিশের পক্ষ থেকে জানা যায়, প্রায় ১৫০-২০০ ফুট পর্যন্ত বাসটিকে টেনে নিয়ে যায় ট্রেন। বাসটি ভেঙে তিন টুকরা হয়ে যায়। এ সময় আহতদের চিৎকারে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়।
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের রেলওয়েমন্ত্রী শেখ রাশেদ এবং সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ।

