করোনাভাইরাসের কাছে জিম্মি হয়ে আছে গোটা বিশ্ব। এমন অবস্থায় ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পঙ্গপাল। করোনার সঙ্গে যুদ্ধের মধ্যেও ভারত সরকারের দাবি, এসব পঙ্গপাল পাকিস্তান থেকে মূলত ভারতে প্রবেশ করছে।
এনডিটিভির খবরে বলা হয়, ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের হানা ভারতের কাছে বিষফোঁড়া। একের পর এক কৃষিজমির সমস্ত ফসল খেয়ে নষ্ট করছে ওই মারাত্মক পতঙ্গটি।
ভারতের দাবি, পঙ্গপালের প্রজনন ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। ভারতের কৃষিমন্ত্রী বলছে, মূলত পাকিস্তান থেকেই ওই ফসল বিনষ্টকারী পঙ্গপালের আবির্ভাব হচ্ছে ভারতে।
অনেকেই বলছেন, এতদিন সন্ত্রাসবাদের আঁতুড়ঘর বলে পরিচিত ছিল পাকিস্তান, আর এখন হয়ে উঠেছে পঙ্গপালের প্রজনন ক্ষেত্রও। অত্যন্ত দ্রুতগতিতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় পঙ্গপাল বংশবৃদ্ধি করছে এবং সীমান্ত অঞ্চল দিয়ে দল বেঁধে প্রবেশ করছে ভারতে।
গত ১১ মে এই বছরে প্রথম পঙ্গপালের আক্রমণ হয় ভারতে। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা দিয়ে উত্তর রাজস্থানের গঙ্গানগর জেলার শস্যক্ষেতগুলোতে হানা দেয় পতঙ্গগুলো।
দেশটির কৃষি বিভাগের উপ-নির্দেশক বি আর কাদওয়া জানিয়েছেন, পাকিস্তান সংলগ্ন অঞ্চলগুলি থেকেই সম্প্রতি রাজস্থানেও প্রবেশ করেছে পঙ্গপালের একটি নতুন দল।
এদিকে, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়কে পঙ্গপালের বিষয়ে সতর্কতা জানিয়ে চলতি মে-জুনে এমন আরও একটি হামলার হুঁশিয়ারি দিয়েছে এলডব্লিউও।

