বহিষ্কৃত নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার সাথে গুলশানের পাঁচ তারকা হোটেলে কারা নিয়মিত দেখা করতে আসত সেইসাথে তার নামে ভাড়া করা কক্ষগুলোতে কে থাকত তা অনুসন্ধানের জন্য ওই হোটেল কর্তৃপক্ষকে গতকাল সোমবার চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে পাপিয়া নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদে থাকা অবস্থায় বিদেশে পালিয়ে যাওয়ার সময় ২২ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন। পরে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। পাপিয়ার সঙ্গে গ্রেপ্তার করা হয় তার স্বামী মফিজুর রহমান ওরফে মতি সুমনসহ আরও চারজনকে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় অর্থ পাচার ও জাল টাকা রাখার ঘটনায় করা একটি এবং শেরেবাংলা নগর থানায় মাদক ও অস্ত্র আইনে করা দুটি মামলা করা হয়। তিন মামলায় রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রণব কুমার ভট্টাচার্য বলেন, গুলশানের ওয়েস্টিন হোটেলে দেয়া এক চিঠিতে পাপিয়ার সকল কর্মকাণ্ড জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া পাপিয়ার কাছে আসা ব্যক্তি ও হোটেলে অবস্থানকারীদের বিষয়েও তথ্য চাওয়া হয়েছে। এ ছাড়াও তার অবৈধ সম্পদের অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক।

