আলোচিত পিরোজপুর জেলা ও দায়রা জজ বিচারক মো. আবদুল মান্নানকে কুড়িগ্রামে পদায়ন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নানকে বর্তমান কর্মস্থল থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হলো।
এর আগে গত ৩ মার্চ সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা পারভীনকে কারাগারে পাঠান বিচারক মো. আবদুল মান্নান। এরপরেই তাকে প্রত্যাহার করা হয়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়।

