চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ইউরোপ জুড়ে ধ্বংসযজ্ঞে মেতেছে। বিশেষ করে পুরোপুরি শেষ করে দিয়েছে ইতালিকে। হাজার হাজার মানুষ মারা গেছে এবং যাচ্ছে।
এর বড় প্রভাব পড়েছে সে দেশের অর্থনীতিতে। আর্থিক সংকটে ভুগছে ফুটবল ক্লাবগুলো। ইউরোপের অন্যতম সেরা ক্লাব জুভেন্তাসেও দেখা দিয়েছে সমস্যা।
এই অবস্থায় তাদের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিক্রি করে দিতে পারে জুভেন্তাস। স্থানীয় এক পত্রিকায় প্রকাশিত খবরটি বেশ পুরোনো।
তবে নতুন খবরে জানা গেছে, ইতালি ছাড়লে আবারো স্পেনে দেখা যেতে পারে রোনালদোকে। পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদেই ফিরতে পারেন আবার!
ইতালিয় মিডিয়ার খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদ রাজি থাকলে ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সিআর সেভেনকে ছেড়ে দিতে রাজি জুভেন্তাস। রিয়াল মাদ্রিদ সিআর সেভেনকে আবারও ফিরিয়ে নেবে কিনা, তা এক বড় প্রশ্ন।
পত্রিকাটির দাবি, এই পরিস্থিতিতে নাকি ইতালি সিরি-এ লিগের সবচেয়ে দামি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছেড়ে দেওয়াই শ্রেয় মনে করছে জুভেন্তাস।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে যোগ দেন সিআর সেভেন। স্পেন থেকে ইতালিতে গিয়েও স্বমহিমায় পর্তুগিজ সুপারস্টার। ৭৫ ম্যাচে ৫৩ গোলও করেছেন।

