পঞ্চগড়ে পুরোহিতকে গলা কেটে হত্যা মামলায় শীর্ষ জঙ্গি নেতা জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধীসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি ভোরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের চীন-মৈত্রী সেতু সংলগ্ন সোনাপাতা এলাকার শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের প্রধান পুরোহিত যজ্ঞেশ্বরকে গলা কেটে হত্যা করা হয়।
ওই সময় গুলিবিদ্ধ হন ওই মঠের আরেক সেবক। এ ঘটনায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই রবীন্দ্রনাথ রায়। পরে আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে আরো দুটি মামলা দায়ের করে দেবীগঞ্জ থানা পুলিশ।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় শীর্ষ জঙ্গি নেতা জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধীসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন।
মামলার অপর তিন আসামি হলেন- রাজিবুল ইসলাম, আলমগীর হোসেন ও রমজান আলী। তাদের মধ্যে রাজিবুল ইসলাম পলাতক রয়েছেন।
২০১৬ সালের ৮ নভেম্বর অস্ত্র ও বিস্ফোরক আইনে অপর দুটি মামলায় সাক্ষগ্রহণ শুরু হয় এবং একই সঙ্গে হত্যা মামলাটির অভিযোগ গঠন করা হয়। এরপর ২০১৮ সালের ১৭ জানুয়ারি ১১ জনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। হত্যা মামলায় অভিযুক্ত ১০ আসামির মধ্যে চারজন বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

