পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গা মাদককারবারি নিহত হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। শনিবার (৯ মে) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, রাতে ইয়াবা পাচারের খবরে টেকনাফ থানা পুলিশের একটি টিম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকায় আসলে রোহিঙ্গা মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
তাৎক্ষনিক পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। তাদেরকে আহতবস্তায় প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা, ২টি দেশীয় এলজি ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকারিয়া মাহমুদ জানান, ভোররাতে পুলিশ গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে নিয়ে আসে।
এসময় তাদেরকে কক্সবাজার রেফার্ড করা হয়। সেইসাথে পুলিশের দুই সদস্যকেও চিকিৎসা দেওয়া হয়। ওসি প্রদীপ জানান, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

