পেপ্যাল নয়, বাংলাদেশে এসেছে জুম সার্ভিস




বাংলাদেশে পেপ্যাল আসছে, বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে এই খবরটি। এবার জানা গেল, পেপ্যাল বাংলাদেশে আসছে না। এর সহযোগী প্রতিষ্ঠান জুম দিয়ে বাংলাদেশে পেপ্যালের সেবা দেওয়া হবে।
এ বিষয়ে পেপ্যালের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই মুহূর্তে বাংলাদেশে পেপ্যাল অ্যাভেলেবল নয়। বাংলাদেশে পেপ্যালের ভবিষ্যৎ নিয়ে শেয়ার করার মতো আমাদের কাছে কোনও খবর নেই। জুম একটি পেপ্যাল সার্ভিস। ২০১৫ সালের নভেম্বর থেকে বাংলাদেশে জুম চালু আছে। ফলে জুম দিয়ে যুক্তরাষ্ট্রের লোকজন তাদের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারবেন। এ প্রক্রিয়ার সঙ্গে সোনালী ব্যাংক যুক্ত আছে।’
উল্লেখ্য, গত ৯ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘বাংলাদেশে পেপ্যাল আসছে। ১৯ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই পেপ্যাল সেবা উদ্বোধন করবেন।’
তিনি আরও জানান, বাংলাদেশে পেপ্যালই আসছে। সম্প্রতি জুম ও পেপ্যাল মার্জ করেছে। প্রাথমিকভাবে পেপ্যাল দিয়ে ইনবাউন্ড সেবা তথা শুধু টাকা আনা যাবে। সোনালী, রূপালী, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ ৯টি ব্যাংক থেকে এই টাকা উত্তোলন করা যাবে। নভেম্বরে বাংলাদেশে পেপ্যালের একটি দল আসবে। তখন কারিগরি অনেক বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলাপ হবে।
এদিকে, ১৯ অক্টোবর পেপ্যালের উদ্বোধন উপলক্ষে আইসিটি বিভাগ অতিথিদের যে আমন্ত্রণপত্র পাঠাচ্ছে তাতে বড় করে ইংরেজি হরফে লেখা রয়েছে, ‘জুম –এ পেপ্যাল সার্ভিস লঞ্চিং অ্যান্ড ফ্রিল্যান্সারস কনফারেন্স।’
এছাড়া বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরীর অতিথিদের কাছে পাঠানো আমন্ত্রণপত্রে লেখা রয়েছে, সুধী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ১৯ অক্টোবর ২০১৭, বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে জুম –এ পেপ্যাল সার্ভিস লঞ্চিং অ্যান্ড ফ্রিল্যান্সারস কনফারেন্স –এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।’