গতকাল রবিবার আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা ফের বিক্ষোভ করেছে। তারা বলছে, নাগরিকত্ব, নিরাপত্তা, নিজ জমিতে ফেরার নিশ্চয়তাসহ ৮ দফা না মানলে তারা মিয়ানমারে ফিরে যাবে না।
গতকাল সকাল নয়টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে আইওএম চিকিৎসাশিবিরের কাছে ইংরেজিতে ৮ দফা দাবি লেখা ব্যানার নিয়ে কিছু রোহিঙ্গা মিছিল করে। তারা তাদের ভাষায় স্লোগান দেয়। গত বছর ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে আসা রোহিঙ্গাদের অধিকাংশই উখিয়ার কুতুপালং এলাকায় আশ্রয়শিবিরে রয়েছে।
ব্যানারের পেছনে শ দুয়েক লোক থাকলেও এর আশপাশে আরও কয়েক শ রোহিঙ্গা জড়ো হয়। সাংবাদিক পরিচয় পেয়ে পরে তারা এই প্রতিবেদককে জানায়, তারাও এসব দাবিতে এককাট্টা। তারা আধা ঘণ্টার মতো সেখানে বিক্ষোভ করে।
প্রত্যাবাসনের সঙ্গে সরাসরি যুক্ত সূত্রগুলো বলছে, ২৩ জানুয়ারি প্রত্যাবাসন শুরুর যে কথা মিয়ানমার প্রচার করছে, এটা বিভ্রান্তিমূলক। বাংলাদেশের সঙ্গে ওই দেশের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। পরিবারভিত্তিক তালিকা তৈরির কাজ চলছে। এটা শেষ করতে আরও ২-৩ সপ্তাহ লাগতে পারে। অবশ্য রোহিঙ্গা আসা বন্ধ হয়নি। গত ২৩ নভেম্বরে প্রত্যাবাসন চুক্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ২৫ হাজার রোহিঙ্গা নতুন করে এসেছে।
সব প্রস্তুতি শেষ করে প্রত্যাবাসন শুরু করতে ৩ থেকে ৪ মাস বা আরও বেশিও সময় লাগতে পারে বলে মনে করছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘চুক্তি অনুযায়ী, দুই মাসের মধ্যে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করার কথা। ইতিমধ্যে সেটা শুরু করেছি। ২৩ জানুয়ারি রোহিঙ্গাদের পাঠানো শুরুর কথা বলে মিয়ানমার বিভ্রান্তি ছড়াচ্ছে।’
মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘প্রত্যাবাসনের প্রথম কাজ হচ্ছে রূপরেখা তৈরি, এটা করা হয়েছে। এরপর প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত কাজ। তারপর ফেরত পাঠানো।’ তিনি বলেন, নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের অনেকগুলা করণীয় আছে। এসব কাজের জন্য সময় দিতে হবে, যার বেশির ভাগ মিয়ানমারের করণীয়। ট্রানজিট ক্যাম্প করতে হবে। পাঁচটি ট্রানজিট ক্যাম্প করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্তত দুটি দ্রুত করতে হবে।
জানা গেছে, দুটি ট্রানজিট ক্যাম্পের জন্য প্রাথমিকভাবে জায়গা ঠিক করা হয়েছে। একটি টেকনাফ নয়াপাড়া বন্দরে, সেখানে এখন আনসার ক্যাম্প আছে। এটা নদীপথের জন্য। অপরটি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, স্থলপথের জন্য।
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব জাপানের
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে চীন
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার
সোমবার থেকে ফের রোহিঙ্গাদের খাদ্য সহায়তা শুরু
রোহিঙ্গা সংকট: মিয়ানমারে ফিরতে চায় ৭৮% রোহিঙ্গা
রোহিঙ্গা সংকট: হত্যা করা হয়েছে ৬,৭০০ রোহিঙ্গাকে
