প্রধানমন্ত্রীকে ‘বোন’ ডাকলেন হুন সেন




কম্বোডিয়া ও বাংলাদেশের দ্বিপক্ষীয় আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বোন’ বলে সম্বোধন করেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় পীচ প্যালেসে অনুষ্ঠিত এই বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম শহিদুল হক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর উদ্বৃতি দিয়ে পররাষ্ট্র সচিব হক বলেন, ‘হুন সেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, আপনি আমার বোনও। এ কারণে আপনাকে আমি আমার বোন হিসেবে সম্বোধন করলাম’।
আমি আমার জীবনে কখনো কোন আনুষ্ঠানিক বৈঠকে এভাবে কাউকে বোন বলে সম্বোধন করতে দেখিনি মন্তব্য করে সচিব বলেন, ‘কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন যখন শেখ হাসিনাকে বোন বলে সম্বোধন করেন, তখন তাঁকে খুবই আবেগাপ্লুত মনে হচ্ছিল’।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। শেখ হাসিনা বলেন, এশিয়ার এ দু’টি দেশের মধ্যে এ যেন একটি বিশেষ সম্পর্ক এবং এ সম্পর্ক আগামীতে বিভিন্ন ভাবে আরো এগিয়ে যাবে’।
এই বৈঠকে দুই নেতার এই নতুন সম্পর্কের কারণে ধারণা করা হচ্ছে দু’দেশের মধ্যে সম্পর্ক একটি নতুন মাত্রায় পৌঁছেছে।