প্রশ্ন ফাঁস চলছেই



প্রথম দিনের পরীক্ষা শুরুর সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেছিলেন, প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া মাত্র পরীক্ষা বাতিল করবেন তিনি।
সরকারের আন্তরিকতা বোঝাতে তিনি বলেছিলেন, “আমরা খুবই ডেসপারেট, খুবই অ্যাগ্রেসিভ এ (প্রশ্ন ফাঁস) বিষয়ে। যদি কোথাও কেউ কোনোভাবে প্রশ্ন ফাঁসের চেষ্টা করে, তিনি কোনোভাবেই রেহাই পাবেন না। কী হবে, আমিও সেটা ধারণা করতে পারি না। চরম একটা ব্যবস্থা নেওয়া হবে।”
তবে কঠোর নিরাপত্তা, শিক্ষামন্ত্রীর শক্ত পদক্ষেপ আর কড়া হুঁশিয়ারিতেও কোনো কাজ হয়নি; এবারও এসএসসি পরীক্ষা শুরুর দিনই বাংলা প্রথমপত্র প্রশ্ন ফাঁস হয়েছে। প্রথম পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার পর দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন এল ফেসবুকে। পরীক্ষা শুরুর পৌনে এক ঘণ্টা আগে সেই প্রশ্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হল।
শনিবার সকাল ১০টা থেকে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরুর আগে সকাল সোয়া ৯টার মধ্যেই উত্তর সহ ‘খ’ সেট বহুনির্বাচনী প্রশ্ন এসব গ্রুপে ফাঁস করা হলে তা ভাইরাল হয়ে যায়।
এছাড়া ফেসবুক মেসেঞ্জারে সকাল ৯টা ১৬ তে একটি আইডি থেকেও উত্তর সহ ‘খ’ সেটের প্রশ্ন ইমেজ আকারে পাঠানো হয়। পরীক্ষা শেষে দেখা যায়, বহু নির্বাচনী প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্ন হুবহু মিলে গেছে।
গত বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ১০০ ভাগ মেলার নিশ্চয়তা দিয়ে দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁস করার বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল ফেইসবুক গ্রুপে।
‘SSC Question Out’, ‘PSC_JSC_SSC_HSC_Degree out question bank.(R)’, ‘SSC Question OuT 100% Common All Board & Rezult Change 2018+19+20 All BD’, ‘PSC JSC SSC HSC All Exam 100% Common Suggestion & Out Questions’ ইত্যাদি ফেসবুক গ্রুপে ওই বিজ্ঞাপন আসছিল।