প্রাকৃতিক দুর্যোগ: রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল



প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ চলে যাওয়ার পর রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ‘ক্যাশ কর্মকর্তা’ পদে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে।
আজ শুক্রবার ঢাকা মহানগর মহিলা কলেজে বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলাকালে কালবৈশাখীর কারণে দুই দফায় প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এ কারণে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। ৩২৮টি পদের বিপরীতে চার হাজার চাকরিপ্রত্যাশী এ পরীক্ষায় অংশ নেন।
বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার বিকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি হয়। এ সময় কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়। সাড়ে ৫টার পর আকাশ ধীরে ধীরে মেঘমুক্ত হতে থাকে।