ফণী’র প্রভাবে দেশের বিভিন্ন স্থান প্লাবিত


paperslife

শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী আঘাত হেনেছে ভারতের ওড়িশা রাজ্যে। যার প্রভাবে সকাল থেকে ঢাকাসহ সারাদেশে চলছে বৃষ্টিপাত।

এদিকে বৃষ্টিপাতের পাশাপাশি ফণী’র কারণে জোয়ারের পানি বেড়ে ও বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল।

খুলনার উপকূলীয় এলাকা দাকোপ ও কয়রা অঞ্চলে আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার আগ পর্যন্ত সেখানে রোদ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে কয়েক ফুট বেড়ে গেছে।

এতে কয়রার কিছু জায়গায় বাঁধ উপচে লোনা পানি লোকালয়ে ঢুকে পড়ছে। মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁধ আটকে পানি ঠেকানোর চেষ্টা করছে।

বাগেরহাটের সাউথখালী ইউনিয়নের বেড়ীবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে কয়েকটি ঘরবাড়ি প্লাবিত।

শরীয়তপুরে ফণী’র প্রভাবে পদ্মা নদীর পানি বাড়ছে। নৌযান চলাচল বন্ধ। নদী উত্তাল হওয়ায় ভাঙন আতঙ্কে স্থানীয়রা।

ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালীর কুয়াকাটায় নিজামপুর বেড়ীবাঁধ ভেঙ্গে গ্রাম প্লাবিত।

ফণী’র প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালীর মির্জাগঞ্জের মেহেন্দিয়াবাদ বেড়ীবাঁধ ভেঙ্গে চার গ্রাম প্লাবিত। মুগ ডাল চাষের ব্যাপক ক্ষতি।

এদিকে ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে কুড়িগ্রামে ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৬২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস।