ফ্ল্যাটটির মালিক নর্থ অ্যান্ড কফির ব্যবস্থাপনা পরিচালক যুক্তরাষ্ট্রের রিচার্ড হাবার্ড। দীর্ঘদিন ক্যাফে বন্ধ থাকায় যুক্তরাষ্টে যান তিনি।
ফ্ল্যাটটি খালি থাকলেও এর ভেতরে ছিল সিসিটিভি ক্যামেরা। নিজের ফ্ল্যাটটি নিরাপদে আছে কিনা, নিজের মোবাইল ফোন থেকে যুক্তরাষ্ট্রের ঘরে বসেই নিয়মিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতেন রিচার্ড।
শনিবারের ফুটেজে হঠাৎ দেখতে পেলেন কেউ তার ঘরে হাঁটাহাঁটি করছে। ফ্রিজ থেকে খাবার ও ওয়াইন নিয়ে টেবিলে রেখে এক যুবকের নাচের দৃশ্য দেখে অবাক তিনি। ঘটনাটি ঘটে রাজধানীর গুলশানে।
সঙ্গে সঙ্গে জানালেন তার বাংলাদেশের সহকর্মীকে। সহকর্মী খবর দিলেন পুলিশে।
শনিবার রাতে গুলশান এভিনিউয়ের ৮৯ নম্বর সড়কের ভবনে ঢোকে পুলিশ। সংযুক্ত ড্রয়িং ও ডাইনিং টেবিলে অবস্থান নেয় তারা। কাউকে দেখতে না পেলেও টেবিলের ওপর কিছু রান্না করা খাবারভর্তি কড়াই, জুসের প্যাকেট ও ওয়াইনের বোতল দেখতে পান তারা।
পুলিশের উপস্থিতি টের পেয়ে লুকিয়ে ছিল সে। কয়েক মিনিটের মধ্যেই একটি বেডরুমের টয়লেট থেকে গ্রেফতার করা হয় তাকে। তার নাম মাসুম। সে মাদকাসক্ত এবং পেশায় চোর। শনিবার রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাসুমকে ধরার অভিযানে উপস্থিত থাকা গুলশান থানার ইন্সপেক্টর আমিনুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, চুরির জন্য এসে বাড়িতে ঢুকে প্রচুর খাবার দেখে সে। চুরির কথা ভুলে তিনদিন থাকে। ঘরের খাবারগুলো খেয়ে এই খালি ফ্ল্যাটে আরও কয়েকদিন থেকে যাওয়ার পরিকল্পনা করেছিল।
https://youtu.be/AOsVS0scKMU

