‘আকবর আলী, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ – ইয়ন বিশপের কন্ঠে এই শব্দগুলো না শুনলে হয়ত অনেক কিছু মিস করে গেছেন। আকবর আলী খেলেছেন, আকবর লি খেলিয়েছেন।
বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে জিতেছেন বিশ্বকাপ। হোক না যুব বিশ্বকাপ, তবুও বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে লেখা থাকবে আকবর আলীর নাম।
গত বছর যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব হয়েছিল আকবর আলীর। এক লড়েছেন, শেষ পর্যন্ত থেকে ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করে এনেছেন। বাংলাদেশের পাশে বিশ্বজয়ীর খেতাব লেপে দিয়েছেন।
সেই ফাইনালে খেলা জার্সি ও ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস নিলামে তুলতে যাচ্ছেন এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক। নিজের ফেসবুক পেইজে এমন তথ্য দিয়েছেন তিনি।
তিনি জানান, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নিজের জীবনের সেরা অর্জনের এই দুটি স্মারক নিলামে তুলছেন তিনি। যা থেকে অর্জিত অর্থ পুরোটাই করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে।
আকবর আলীর দেয়া পোস্টটি হুবুহু তুলে ধরা হলো,
নিঃসন্দেহে অ-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক (১.ফাইনালের ম্যাচ জার্সি, ২.ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।
#sports_for_life

