সবাই জানেন ডোনাল্ড ট্রাম্পের তিন স্ত্রী। প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প, দ্বিতীয় মার্লা ম্যাপেলস এবং সর্বশেষ মেলানিয়া ট্রাম্প। অন্য দুই স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে গেলেও ট্রাম্পের সাথে টিকে আছেন মেলানিয়া।
ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি তার তৃতীয় স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তবে তা মানতে নারাজ ট্রাম্পের সাবেক স্ত্রী ইভানা। তার দাবি তিনিই আসলে ফার্স্টলেডি। এ নিয়ে বিবাদে জড়িয়েছেন ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ও মেলানিয়া।
সম্প্রতি ইভানা দাবি করেছেন, মেলানিয়া নন, তিনিই ফার্স্টলেডি। এতেই শুধু থেমে থাকেননি তিনি। বলেছেন, তিনি চাইলেই ফার্স্টলেডির ভূমিকা নিতে পারেন। হোয়াইট হাউসে যাওয়ার পথও তার খোলা। কিন্তু মেলানিয়া এতে ঈর্ষান্বি^ত হবে। খামোখা তাকে কষ্ট দিতে চান না। তবে তিনিই (ইভানা) আসল ফার্স্টলেডি। ইভানা-ট্রাম্পের সংসারে তিন সন্তান আছে- ইভাঙ্কা, ডোনাল্ড জুনিয়র, এরিক ট্রাম্প।
নিজের লেখা ‘রেইজিং ট্রাম্প’ বই প্রকাশ অনুষ্ঠানে বুধবার ইভানা ট্রাম্পের বড় তিন সন্তানকে মানুষ করার প্রসঙ্গ টেনে আনেন। একসময় ডোনাল্ড ট্রাম্পের জগতজুড়ে তিনি ছিলেন। সেজন্য নিজেকে ফার্স্টলেডি বলেও ব্যাখ্যা করেন তিনি।
মেলানিয়াও পাল্টা আক্রমণ করতে ছাড়েননি ইভানাকে। তার মুখপাত্র স্টেফনি গ্রিশম বলেছেন, ইভানা নিজের বই বিক্রি করতে চাইছেন। আর সেজন্য মেলানিয়াকে আক্রমণ করেছেন। গ্রিশমের বিবৃতিতে বলা হয়, ‘ওয়াশিংটন ডিসিতে বাস করতে পছন্দ করেন তিনি (মেলানিয়া)। যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি হিসেবে তিনি সম্মানিত বোধ করেন। এই মর্যাদাকে কাজে লাগিয়ে তিনি শিশুদের সহায়তা করতে চান, বই বিক্রি বাড়াতে চান না।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইভানা দাবি করেন ট্রাম্পের সঙ্গে তার এখনও কথা হয় নিয়মিত। ট্রাম্প তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তা নাকচ করে দেন ইভানা। সাবেক আর বর্তমান স্ত্রীর এই নজিরবিহীন বিরোধ নিয়ে অবশ্য ট্রাম্প এখনও মুখ খোলেননি।
